ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ভারত থেকে চোরাইপথে আনা জিরা ও সুপারি জব্দ করেছে মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় চালকসহ দুইজনকে আটক করা হয়েছে। জিরা বহনকারী পিকআপভ্যানটিও এ সময় জব্দ করা হয়।
শনিবার ভোরে উপজেলাধীন ময়মনসিংহ-জামালপুর সড়কের চেচুয়া সংলগ্ন তারাকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার জাউন্নার চরের মো. হানিফ (৪২) এবং গলাচিপা পটুয়াখালীর পিকাপভ্যানের চালক রবিন চন্দ্র রায় (২৫)।
মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওসি (অপারেশন) মো. আব্দুল কাইয়ুম জানান, জামালপুর সীমান্ত দিয়ে নয় বস্তা জিরা ও ২৬ বস্তা সুপারি আনার পর এগুলো পিকাপভ্যানে করে ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের চেচুয়া সংলগ্ন তারাকান্দি এলাকায় পিকাপভ্যানটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় এসব জিরা ও সুপারিসহ পিকভ্যানটি জব্দ করে এর চালকসহ দুইজনকে আটক করা হয়। এসব পণ্যের মূল্য আড়াই লাখ টাকা।
থানা পুলিশ জানায়, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।