রাজীবপুরে দুই ছিনতাইকারী কারাগারে

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দুই গরুসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন, আব্দুল বারেক (৪০) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৩৫)।
 
শনিবার তাদের জেল হাজতে পাঠানো হয়।
 
শুক্রবার রাতে রৌমারী-জামালপুর সংযোগ সড়কের রাজীবপুর থানার অধীনে স্লুইস গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে সাত পুড়িয়া হেরোইনও পাওয়া যায়।
 
পুলিশ জানায়, রৌমারীর হাট থেকে গরু কিনে ভটভটিতে (নছিমন) করে পাথরের চর যাচ্ছিলেন দুই গরু ব্যবসায়ী। রাজীবপুর থানার অধীনে স্লুইস গেট এলাকার গরু বহনকারী ভটভটি বিকল হলে পাঁচজনের একদল ছিনতাইকারী তাদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা ও দুটি গরু ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে  টহল গাড়ি স্লুইস গেট এলাকায় পৌঁছালে গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও আব্দুল গফুর পুলিশের কাছে ছিনতাইয়ের অভিযোগ করে। পুলিশ  ধাওয়া করে গরুসহ তাদের গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, তারা পেশাদার ছিনতাইকারী ও হেরোইন বিক্রির সঙ্গে জড়িত।
 
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রীথৃশ কুমার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।