ভোমরা স্থল বন্দর সীমান্ত এলাকায় জেএমবি সন্দেহে আটক ১

সাতক্ষীরায় ভোমরা স্থল বন্দর সীমান্ত এলাকায় জেএমবি সন্দেহে এক জামায়াত কর্মীকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। আটক আজিজুল ইসলাম খোকন (৩৮) জেলা  সদর উপজেহলার লক্ষিদাড়ি গ্রামের বাসিন্দা।
 
শনিবার বেলা ১২ টার দিকে অবৈধভাবে ভারত থেকে আসার সময়  স্থল বন্দর সীমান্ত এলাকার মেইন পিলার ৩ ও সাব পিলার ৩ এর কাছ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় সিম ও মেমোরি কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মেমোরি কার্ডে ২০১৩ সালের জামায়াত-শিবিরের সহিংসতার ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে।
 
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক আজিজুল ইসলামকে বিজিবির ফিল্ড ইনটেলিজেন্স গ্রুপ যশোর অঞ্চলে পাঠানোর প্রস্তুতি চলছে।’