কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ায় আনসার ক্যাম্পে হামলা করে কমান্ডার আলী হোসেনকে হত্যা ও অস্ত্র-গুলি লুটের ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার গভীর রাতে আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মো. আলমগীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী আলমগীর বলেন, বৃহস্পতিবার রাতে ক্যাম্পের রোহিঙ্গা ডাকাত দল হামলা চালিয়ে এক আনসার সদস্যকে গুলি করে হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় ৩০-৩৫ জনকে আসামি করে একটি হত্যা ও ডাকাতি মামলা করেছি। মামলাটি তদন্ত করবেন টেকনাফ মডেল থানা পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন।
টেকনাফ মডেল থানা পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধার ও হামলাকারীদের গ্রেফতারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। শনিবার ভোরে দুইজনকে আটক করার খবর পাওয়া গেছে। কিন্তু তাদের আটকের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। ওই এলাকায় লোকজন এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন।
গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের অভ্যন্তরে শালবন আনসার ব্যারাকে হামলা চালিয়ে কমান্ডার আলী হোসেন (৫৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তারা ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।