কেন্দুয়ায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কেন্দুয়া উপজেলায় দেবল চন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তিকে মারধর, তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় দায়েরকৃত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা। তারা বাদীসহ ওই হিন্দু পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

পুলিশ, মামলার বিবরণ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুড়া ইউনিয়নের খালিজুড়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত দীগেন্দ্র চন্দ্র দেবনাথের ছেলে দেবল চন্দ্র দেবনাথের সঙ্গে বসতবাড়ির সীমানা নিয়ে একই গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে রইছ উদ্দিন, হাবিবুর রহমান এবং তাদের লোকজনের বিরোধ চলে আসছিল। গত ১৮ ফেব্রুয়ারি ওই বিরোধ মীমাংসার জন্য স্থানীয় মাতব্বরদের নিয়ে এক সালিশ দরবারে বসে উভয়পক্ষ। একপর্যায়ে ওই সালিশেই দেবল চন্দ্র দেবনাথকে মারধরসহ তার বাড়িতে হামলা এবং ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। পরে এ ঘটনায় ৭ মার্চ রইছ উদ্দিন ও হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন দেবল চন্দ্র দেবনাথ।

এদিকে মামলা দায়েরের পর আসামিরা মামলাটি তুলে নিতে বাদীসহ তার পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে জানান দেবল চন্দ্র দেবনাথ। এছাড়া মামলা দায়েরের ১১ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবার নিয়ে সর্বক্ষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

বাদী বলেন, আসামিদের হুমকির বিষয়টিও থানা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, আসামিদের গ্রেপ্তারের জোর তত্পরতা চলছে এবং বাদীসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।