যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতের জেল

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়।
 
দণ্ডপ্রাপ্ত জুনায়েদ খান (২৫) লুটনের বাসিন্দা। শুক্রবার কিংস্টন ক্রাউন কোর্টে তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়। রায় দিয়ে বিচারক বলেন, 'তার অপরাধ এত গুরুতর যে তাকে যাবজ্জীবন কারাদণ্ডই দিতে হচ্ছে।'
 
দেশটির ইস্ট এংলিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনা। এর জন্য জুনায়েদ আইএসের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে গত বছর খবর প্রকাশিত হয়েছিল।
 
পুলিশ জানিয়েছে, জুনায়েদের এক স্বজন সাজিব খান আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। জুনায়েদেরও সেই পরিকল্পনা ছিল।
 
মামলার নথিতে বলা হয়েছে, পুলিশ জুনায়েদের বাড়িতে আইএসের পতাকা, বোমা তৈরির নির্দেশিকা এবং হামলা পরিচালনার জন্য ছুরি কেনার তথ্য পায়। -বিডিনিউজ