পাওয়ার চায়নার সঙ্গে মেয়রের মতবিনিময়
স্টাফ রিপোর্টার, রাজশাহী
মাস্টার প্ল্যান তৈরির মাধ্যমে রাজশাহীর উন্নয়নের লক্ষ্যে চায়নার বিখ্যাত কোম্পানি পাওয়ার চায়নার প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মতবিনিময় হয়েছে।
সোমবার নগর ভবন সরিত্ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পাওয়ার চায়না কোম্পানির এ্যান্ডু পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাজশাহী মহানগরীর খসড়া মাস্টার প্ল্যান উপস্থাপন করা হয়। এ সময় রাজশাহী সিটির উন্নয়ন পরিকল্পনা নিয়েও একটি প্রেজেন্টেশন তুলে ধরা হয়।
সভায় মেয়র বলেন, রাজশাহীকে ঢাকার মতো অবস্থায় দেখতে চাই না। মাস্টার প্ল্যান করছি, সুন্দর-মনোরম রাজশাহী তৈরিতে। পাওয়ার চায়নার সঙ্গে আগামীতে সভা হবে। মাস্টার প্ল্যান চূড়ান্ত হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে কাজ শুরু হবে। আমরা দ্রুত কাজ এগিয়ে নিতে চাই।
গত ২৩ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত চায়না রাষ্ট্রদূত ঝ্যাং জ্যুয়ো রাজশাহীতে মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি চায়না বৃহত্তর কোম্পানি পাওয়ার চায়নাকে মেয়রের কাছে পাঠান। এর প্রেক্ষিতে গত ৩১ জানুয়ারি কোম্পানির সঙ্গে মেয়র লিটনের প্রথম এবং ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। এ ধারাবাহিকতায় সোমবার উভয়পক্ষে তৃতীয় সভা হয়।
মতবিনিময় সভায় রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মুহম্মাদ আলী, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী আবু বকর সিদ্দিক, পিডব্লিউডি রাজশাহী ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী সানিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।