ফুল

নজরকাড়া ফুল মনিকুন্তলা

অন্য নাম পাউডার পাফ। উদ্ভিদতাত্ত্বিক নাম : Calliandra haematocephala। আদি নিবাস ব্রাজিল। এটি ছোট আকৃতির বৃক্ষ জাতীয় পত্রমোচী ফুলগাছ। উচ্চতা গড়ে ৩ থেকে ৪ মিটার হয়ে থাকে। গাছের শাখা-প্রশাখা ও পাতা পরিমাণে অধিক ঘন। তবে শাখা-প্রশাখা ছোট ছোট আকৃতির হয়ে থাকে। গাছের পাতা ক্ষুদ্রাকৃতির, যৌগিক, রং সবুজ। গাছের কাণ্ড ও শাখা-প্রশাখা বেশ শক্ত মানের এবং গাছের বৃদ্ধি ধীর গতি সম্পন্ন। গাছ বেশ কষ্ট সহনশীল। গাছের কাণ্ডের চামড়ার রং ধূসর থেকে কালো রঙের। বসন্ত ঋতুতে ফুল ফোটা শুরু হয় এবং এর ব্যাপ্তি হেমন্তকাল অবধি। তবে শরতে অধিক পরিমাণে ফুল ধরে। কখনো অন্যান্য ঋতুতেও ফুল ফুটতে দেখা যায়, তবে পরিমাণে কম। নতুন শাখা-প্রশাখার পত্রকক্ষ থেকে ফুল ধরে।

গাছের সবুজ পাতার ফাঁকে টকটকে লাল রঙের ফুল খুবই নজরকাড়া। ফুটন্ত ফুল দেখতে ব্রাশের  মতো। উজ্জ্বল লাল রঙের রেশমি কোমল। ফুল গন্ধহীন। ফুল বোঁটার মাথা থেকে গুচ্ছাকারে চুলের মতো। ফুল শেষে গাছে ফল ধরে। ফল দেখতে শিমের মতো তবে একটু ছোট আকারের। ফলের রং প্রথমে সবুজ এবং পরিপক্ব ফলের রং কালচে খয়েরি। ফলের বীজ ও ডাল কাটিংয়ের মাধ্যমে বংশ বিস্তার করা সম্ভব। বৃহত্ আকারের টব ও সরাসরি মাটিতে রোপণ উপযোগী ফুলগাছ মনিকুন্তলা। আমাদের দেশে এ ফুল কম লক্ষ করা যায়। উঁচু ভূমি ও প্রায় সব ধরনের মাটিতে এই ফুলগাছ জন্মে।