৫০০ থেকে ৫ হাজার টাকা কমে হুয়াওয়ে ফোন

দেশের ক্রেতাদের সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোন কেনার সুযোগ দিতে নিজেদের বিভিন্ন মডেলের হ্যান্ডসেটের দাম কমিয়েছে হুয়াওয়ে।
 
স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের যাতে বাজেট নিয়ে সমস্যায় পড়তে না হয় সেজন্য  হুয়াওয়ের ওয়াই৬২৫, ওয়াই৬ লাইট, ওয়াই৬, জি প্লে মিনি, ওয়াই৬ প্রো, অনার ৪এক্স, পিএইট লাইট, জিআর থ্রি ও জিসেভেন প্লাসের দাম কমানো হয়েছে। উল্লিখিত মডেলের স্মার্টফোনগুলোয় সর্বনিম্ন ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে ক্রেতারা পাবেন এক বছরের বিক্রয়োত্তর সেবা।
 
এ ব্যাপারে হুয়াওয়ে টেকনোলজিসের (বাংলাদেশ) ডিভাইস ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। মূল লক্ষ্য ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা। বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতে যে পরিমাণ সহায়তা করছে, সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় এ দেশে সফলতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পারছি। পাশাপাশি ক্রেতাদের সাধ্যের মধ্যে আধুনিক ডিভাইস সরবরাহের চেষ্টা অব্যাহত রেখেছি। বাংলাদেশের গ্রাহকদের সবার হাতে স্মার্টফোন পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’
 
রাজধানীর যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটির হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টারসহ দেশের ৬৪টি জেলার রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলো থেকে হ্রাসকৃত মূল্যে হুয়াওয়ের স্মার্টফোন কেনা যাবে।