তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা
আগামী ২৪ মার্চ তাড়াইল উপজেলা পরিষদের নির্বাচন। এই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ২০ জন প্রার্থী প্রতীক পাওয়ার পরপরই নেমে পড়েছেন প্রচারণার কাজে। প্রার্থীদের সরব প্রচার-প্রচারণায় মুখর পুরো উপজেলা। পোস্টারে ব্যানারে চেয়ে গেছে উপজেলার গ্রামীণ জনপথ, হাটবাজার, পাড়া-মহল্লা ও অলিগলি। প্রার্থীরা ছুটে চলছে ভোটারদের দ্বারে দ্বারে। জয়লাভের আশায় ভোটারদের মন জয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের প্রচারণার কাজ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার ব্যস্ততা। এ উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা ও লাঙ্গল প্রতীকে দ্বিমুখী, ভাইস চেয়ারম্যান পদে চশমা, তালাচাবি, টিউবওয়েল প্রতীকে ত্রিমুখী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন ও ক্যামেরা প্রতীকে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ভূইয়া মোতাহার (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম ভূইয়া শাহিন (লাঙ্গল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির ভূইয়া (মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসরাতউদ্দিন আহম্মদ বাবুল (ঘোড়া)। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম খান (চশমা), খাইরুল আলম (বাল্ব), হারুন অর রশিদ (টিয়াপাখি), নাজমুল হক আকন্দ (টিউবওয়েল), শামরুজ্জামান শামরোজ (মাইক), আরাফাত হোসেন মুরাদ (তালাচাবি), মাহমুদুল হাসান রনি (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস সুলতানা (সেলাই মেশিন), সুমিয়া আক্তার রুভা (ক্যামেরা), হেপি আক্তার (ফুটবল), রৌশন আরা (সিলিং ফ্যান), দিলরুবা খানম রুবি (প্রজাপতি), অজুফা আক্তার (তীর ধনুক), কামরুন্নাহার কবিতা (পদ্মফুল), রুকিয়া আক্তার (হাঁস) ও আয়াতুন্নেছা পারভীন (কলস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।