ভাণ্ডারিয়ায় জেপির ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউরের পক্ষে মিছিল-পথসভা

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালির হাট বাজারে সোমবার বিকেলে জাতীয় পার্টি (জেপি) মনোনিত এবং আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধার পক্ষে মিছিল ও পথসভা হয়। স্থানীয় জেপি ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এ নির্বাচনী প্রচারণা চালানো হয়।

স্থানীয় উভয় দলের নেতৃবৃন্দের সঙ্গে ভাণ্ডারিয়া উপজেলা জেপি, ছাত্রসমাজ নেতৃবৃন্দ ছাড়াও ভিটাবাড়িয়া বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানরা উন্নয়নের প্রতীক বাই সাইকেলের পক্ষে ভোট প্রদানের জন্য এক মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করে। বাজারে পথসভায় জেপির ভিটাবাড়িয়া ইউনিয়ন সভাপতি মো. হালিম শরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রার্থী জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা ছাড়াও জেপির উপজেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন সিকদার, দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ম আহবায়ক আফজাল সরদার, বেল্লাল মুন্সিসহ স্থানীয় জেপি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধার বাইসাইকেল মার্কাকে ইউনিয়নবাসী ঐক্যবদ্ধভাবে ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করার আহ্বান জানান। দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান তারা।