টেকসই উন্নয়নে এটুআই-এর জাতীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) এবং জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয় সম্পর্কিত প্রতিষ্ঠানের (ইউএনডেসা) যৌথ উদ্যোগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ৪ দিন ব্যাপী টেকসই উন্নয়নে ওপেন গভর্নমেন্ট ডেটা শীর্ষক জাতীয় প্রশিক্ষণ কর্মশালা রবিবার থেকে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী দিনের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম, এমপি।
 
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন কানিজ ফাতেমা, এনডিসি,সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ; আ ন ম জিয়াউল আলম, সচিব (সমন্বয় ও সংস্কার), মন্ত্রিপরিষদ বিভাগ এবং নিক বেরেসফোর্ড, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, ইউএনডিপি বাংলাদেশ।
 
IMG0
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সরকার গণতান্ত্রিকভাবে জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। সরকারী ডেটার উম্মুক্তকরণ সরকারের জবাবদিহিতা এবং সংস্কার নিশ্চিত করতে সহায়ক হবে। সরকারী ডেটা এবং ইনফরমেশন-এর ক্রমবর্ধমান ব্যবহার জনগণকে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেবে যা সরকারী সেবা প্রদানের ক্ষেত্রে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করবে।
 
বিশেষ অতিথি কানিজ ফাতেমা, এনডিসি,সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ,বলেন, আমাদের স্বপ্নদর্শী প্রধানমন্ত্রী দক্ষতার সাথে সরকারি সেবার পাশাপাশি নাগরিক-জীবনকে সহজতর এবং উন্নত করার লক্ষ্যে এই ওপেন গভর্নমেন্ট ডেটার সম্ভাবনাকে নিশ্চিত করতে আগ্রহী। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এই লক্ষ্যকে সম্পূর্ণভাবে সমর্থন করে এবং  এখানে উপস্থিত সরকারি সকল প্রতিনিধি সংস্থাকে এই দর্শনের একটি অঙ্গীকারাবদ্ধ অংশীদার হতে অনুরোধ করছে।
 
কর্মশালায় বক্তারা তাদের বক্তব্যে তথ্য উন্মুক্তকরণের ফলে বাংলাদেশ সরকার, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ কীভাবে উপকৃত হবেন তা তুলে ধরেন। এছাড়াও ওজিডি-এর বাস্তবায়ন কীভাবে বাংলাদেশের ক্ষেত্রে এসডিজির লক্ষ্য-পূরণে সহায়ক হবে সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।  বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
 
একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম জনগণকে তথ্য এবং সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে।  সে লক্ষ্যে এটুআই এবং জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয় সম্পর্কিত প্রতিষ্ঠান ইউনাইটেড নেশানস্ ডিপার্টমেন্ট অব ইকোনোমিক এন্ড সোসাল এফায়ার্স (ইউএনডেসা) একযোগে কাজ করছে।