নেত্রকোনায় দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নেত্রকোণার আটপাড়া উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের গোয়েন্দা শাখার এক কনস্টেবল নিহত হয়েছেন।  তার এক সহকর্মী আহত হন।
 
রবিবার বিকালে নেত্রকোনা-মদন সড়কের তেলিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুল আলম (৫০) নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল ছিলেন। তার বাড়ি গাজীপুর জেলায়। আহত জেলা গোয়েন্দা পুলিশের আরেক কনস্টেবল খোরশেদ আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, নেত্রকোনা শহর থেকে মাহবুব আলম ও খোরশেদ আলম একটি মোটরসাইকেলে করে সরকারি কাজে মদন উপজেলায় যাচ্ছিলেন। পথে তেলিগাতী এলাকার কৃষ্টপুরে পৌঁছলে মদন থেকে ছেড়ে  আসা বেপোরোয়া গতির একটি  পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুব আলমের মৃত্যু হয়। খোরশেদকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।