নানিয়ারচরে পাহাড়িয়াকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি নানিয়ারচরে মুকুল ওরফে মকবুল চাকমা নামে এক পাহাড়িকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় নানিয়ারচর উপজেলা সদরের আমতলী এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত মুকুল ওরফে মকবুল চাকমার বড় ভাই তরুণ কান্তি চাকমা জানিয়েছেন, শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটার সময় আমতলী এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আমার ভাইকে গুলি করে সন্ত্রাসীরা। এসময় সে পালিয়ে বাঁচার চেষ্টা করলে তার পিঠের পেছনে ডান পাশে সে গুলিবিদ্ধ হয়।
 
আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তবে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানিয়েছেন, ঘটনায় নানিয়ারচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।