ময়মনসিংহে বিদেশি অস্ত্র ও প্রাইভেটকারসহ আটক ৫

 
ময়মনসিংহের রামবাবু রোড থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি গুলি, একটি ম্যাগজিন ও একটি প্রাইভেটকারসহ পাঁচজনকে আটক করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। রবিবার দিবাগত রাত ১২টার দিকে এ অভিযান চালায় র‍্যাব।
 
আটককৃতরা হলেন, রাফিউর রহমান খান (৩২) মোতাহার হোসেন মাজেদ (৩৩), মুশফিকুর রহমান (২৯), শহিদুল ইসলাম দিপু (৩১) ও এতওয়ার ইসলাম রুচি রক্সি (৩২)।
 
র‍্যাব জানায়, এদের মধ্যে রক্সি ময়মনসিংহ পৌরসভার প্যানের মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলামের ছেলে। এ ছাড়া আটককৃত অন্যরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
 
আটককৃত ব্যক্তিরা নেত্রকোনা থেকে ময়মনসিংহ শহরে ঢুকে বিভিন্ন পয়েন্টে থেমে থেমে রামবাবু রোড পৌঁছে। এক পর্যায়ে গোপনে পিছু ধাওয়াকারী র‍্যাবের গাড়িটি তাদের গাড়িটি ঘেরাও করে ফেলে এবং অস্ত্রসহ পাঁচ জনকে আটক করে র‍্যাব-১৪ ব্যাটালিয়ান সদর দফতরে নিয়ে যায়।