প্রযুক্তিবিশ্বে যে পণ্যটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তা হলো ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট (ভিআর)। অ্যাপল, গুগল, স্যামসাং ও ফেসবুকের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো ভিআর হেডসেট তৈরিতে হাত দিয়েছে; যার মধ্যে অনেক প্রতিষ্ঠানই তাদের প্রত্যাশিত ডিভাইস উন্মোচন করেছে। এই তালিকায় এবার যুক্ত হচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসারের নাম।
ভিআর হেডসেট তৈরিতে ভিডিও গেইম ডেভেলপমেন্ট স্টুডিও স্টারব্রিজের সাথে যুক্ত হয়েছে এসার। জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে স্টারভিআর নামের হেডসেট ডেভেলপ করতে সম্মত হয়েছে প্রতিষ্ঠান দুটি।
এসার ভিআর হেডসেটের ডিজাইন, তৈরি ও বিক্রিতে সহায়তা করবে বলে জানিয়েছে পেডে ২ গেইম নির্মাতা স্টুডিও।
প্রযুক্তিবিশ্বে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট (ভিআর) বিষয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। চলতি বছরের জন্য যেসব প্রযুক্তিপ্রবণতা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে, সে তালিকায় প্রথম দিকে রয়েছে ভিআর হেডসেট। পৃথিবীজুড়ে চলতি বছর ৯০ লাখের বেশি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট সরবরাহ হবে বলে সম্প্রতি জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান আইডিসি। সেজন্য ভিআর হেডসেট থেকে বাড়তি কিছু পাওয়ার আশায় এ খাতে নজর এসারের। সূত্র- অ্যানগ্যাজেট ও দ্য ভার্জ।