বাংলাদেশ-ভারতের প্রকাশনা বইসাঁকোর যাত্রা শুরু

ইত্তেফাক রিপোর্ট

প্রথমবারের মতো প্রকাশনা শিল্পের মাধ্যমে সমন্বিত পথচলা শুরু করলো বাংলাদেশ ও ভারত। দুই বাংলার সাহিত্যের মেলবন্ধনে একসঙ্গে যুক্ত হলো দুই দেশের দুই প্রকাশনা প্রতিষ্ঠান। রচিত হয়েছে বাংলাদেশের প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ ও ভারতের পশ্চিমবঙ্গের পত্রভারতীর যৌথ প্রকাশনার উদ্যোগ ‘বইসাঁকো’। ফেব্রুয়ারি মাসে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এ উদ্যোগে বাংলাদেশের চার ও ভারতের তিন সাহিত্যিকের বই প্রকাশ হয়। ঢাকায় গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হলো গতকাল সোমবার।

পশ্চিমবঙ্গের পত্রভারতী থেকে প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে এদেশের সৈয়দ মনজুরুল ইসলামের ‘সেরা দশ গল্প’, ফরিদুর রেজা সাগরের ‘এবারো হাফডজন ছোটকাকু’, মারুফুল ইসলামের ‘নির্বাচিত ১০১ কবিতা’ ও মাজহারুল ইসলামের ‘হুমায়ূন আহমেদের মাকড়সাভীতি এবং অন্যান্য’। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ভারতের সমরেশ মজুমদারের ‘কথামালা’, সত্যম রায়চৌধুরীর ‘দুনিয়াদারি’ ও ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের ‘আজও রোমাঞ্চকর : স্বাধীনতার রক্তঝরা গল্প’।

ঢাকায় ‘বইসাঁকো’ প্রবর্তনা উপলক্ষে সোমবার বিকালে জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে সাতটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। এ আয়োজনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও পশ্চিমবঙ্গের গবেষক অধ্যাপক ইমানুল হক। আলোচনায় অংশ নেন সৈয়দ মনজুরুল ইসলাম, ফরিদুর রেজা সাগর ও মারুফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এবং পত্রভারতীর ব্যবস্থাপনা পরিচালক ত্রিদিব চট্টোপাধ্যায়।

আনিসুজ্জামান বলেন, বাংলা ভাষাভাষী অঞ্চলে যোগাযোগ যত বৃদ্ধি পাবে, মৈত্রীর বন্ধন তত দৃঢ় হবে। যোগাযোগে বই বড় ভূমিকা রাখে। বই আনা নেওয়া দস্যুতা করেও সম্ভব, আবার আইনিভাবেও আনা যায়। দস্যুতা করে বই আনা-নেওয়া করলে লেখক ও প্রকাশক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এদিক থেকে বইসাঁকো মহত্ উদ্যোগ।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, জাতীয় গ্রন্থকেন্দ্র বই বিপণনে দেশ ও বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৃথিবীর বড় বড় শহরে যেখানে বাংলা ভাষাভাষী রয়েছেন এবং যারা বাংলা ভাষা ও সাহিত্যকে ভালোবাসেন, তাদের কাছে বই পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বইসাঁকো প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে দুই বাংলার মধ্যে সাহিত্যের আদান-প্রদান হবে। পাঠকেরা নতুন স্বাদ পাবেন। বইসাঁকোর প্রবর্তনা অনুষ্ঠানে আনিসুজ্জামানের ‘বিদ্যাসাগর ও অন্যেরা’ বইটি কলকাতায় প্রকাশের বিষয়ে পত্রভারতীর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। সমরেশ মজুমদারের ‘কথামালা’ বইটি প্রকাশের চুক্তি স্বাক্ষর করে অন্যপ্রকাশ।