গুরুদাসপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নাটোরের গুরুদাসপুর উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত ভ্যান চালক শামীম হোসেন (২৩) উপজেলার বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের জামাইদীঘা গ্রামের হাজী জনাব আলীর ছোট ছেলে।
 
সোমবার সকালে উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
 
পুলিশ জানায়, শামীম উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাঁচশিশা গ্রামের খালাতো ভাই মন্তাজ আলীর বাড়িতে থেকে জীবিকা নির্বাহ করতেন।
 
খালাত ভাই মন্তাজ আলী জানান, জীবিকার তাগিদে প্রায় এক মাস আগে শামীম হোসেন তার বাড়িতে আসেন। রবিবার রাত সাড়ে নয়টার দিকে শামীম হোসেন ও তার বন্ধু শামীম (২০) ধারাবারিষার দক্ষিণ নাড়িবাড়ি বাঁধ থেকে মন্তাজ আলীর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ভাড়া মারতে বের হন। সোমবার সকালে শামীমের লাশ পাওয়া যায়। তার পর থেকে বন্ধু শামীম পলাতক রয়েছেন।
 
নিহতের ভাই ও মামলার বাদী রোমিজ আলীর অভিযোগ, বন্ধু শামীমের সহায়তায় এ হত্যাকাণ্ড ঘটেছে।
তার দাবি, তাকে গ্রেফতার করা হলেই আসল ঘটনা বের হয়ে আসবে।
 
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শামীমকে আটকে চেষ্টা চলছে।