নিখোঁজ জেলের গলাকাটা লাশ উদ্ধার

 
নিখোঁজের দুইদিন পর চাঁদপুরের জেলার হাজীগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদী থেকে নিখিল চন্দ্র দাস (৪৫) নামে এক জেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ৫নং সদর ইউনিয়নের পূর্ব অলিপুরের ডাকাতিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিখিল চন্দ্র পূর্ব অলিপুর গ্রামের বাংলা বাড়ী ওরফে দাস বাড়ীর ননী গোপাল দাসের বড় ছেলে।
 
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুল মান্নান জানায়, নিখিলকে হাত বেঁধে গলা কেটে হত্যা করে নদীতে বাঁশের সাথে ডুবিয়ে বেঁধে রাখা হয়। সকালে মাছ ধরতে গেলে জেলেরা একটি পা ভেসে থাকতে দেখে।
 
স্ত্রী রাধা রানী দাস জানান, শনিবার নিখিল হাজীগঞ্জ পৌরসভাস্থ মকিমাবাদ গ্রামের জয়গীতা সংঘের উদ্যোগে মহা গীতাযজ্ঞ সভায় এসে নিখোঁজ হন। রবিবার হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
 
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, নিখিলের সাথে সম্পত্তিগত বিরোধ ও হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের করিমের বাগানে একটি বাসা বাড়া নিয়ে বিরোধ রয়েছে। এসবের সূত্র ধরে তদন্ত কাজ চলবে।