হাবের নির্বাচনে বর্তমান মহাসচিবের নেতৃত্বে প্যানেল ঘোষণা

ইত্তেফাক রিপোর্ট

আগামী ২৫ এপ্রিল হজ এজেন্সিস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হাবের বর্তমান কমিটির মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিমকে একটি প্যানেলের প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। শিগগিরই একটি নির্বাচনী মতবিনিময় সভা আহ্বান করে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

নয়া পল্টনের একটি হোটেলে হাবের বর্তমান ইসি ও ঢাকা জোনাল কমিটির বেশিরভাগ সদস্যের উপস্থিতিতে গতকাল এক ঘরোয়া সভায় সংগঠনের বর্তমান সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া তার শারীরিক অসুস্থতা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সময় দিতে অপারগতা প্রকাশ করে বর্তমান মহাসচিব তসলিমকে প্যানেল প্রধান করে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দেন। আবদুস ছোবহান নিজে নির্বাচনী মাঠে উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাবের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ও হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী,সহ-সভাপতি আব্দুস সালাম আরেফ, খাজা মঈন উদ্দিন জালালাবাদী, যুগ্ম-মহাসচিব রুহুল আমিন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মো: তাজুল ইসলাম, এস এম ইব্রাহিম, ওয়াহিদুল আলম, অর্থ সচিব মাওলানা ফজলুর রহমান, চট্টগ্রামের হাব নেতা শাহ আলম, জিয়া উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ ও কারি গোলাম মোস্তফা। এই প্রথম হাব নির্বাচনকে সামনে রেখে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিল।