ইত্তেফাক রিপোর্ট
ছায়ানটের দেশঘরের গান মন মজালো শ্রোতাদের। গতকাল সোমবার ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানটের বার্ষিক লোকগান সম্মিলনের এবার আয়োজন বসেছিল ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে। বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা শিল্পীদের গান বাংলার মাটি থেকে উত্সারিত সুরের আবেশ ছড়ালো। এর উদ্বোধন করেন লোক গবেষক বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। স্বাগত কথনে অংশ নেন ছায়ানটের উপদেষ্টামণ্ডলীর সদস্য মফিদুল হক। শামসুজ্জামান খান বলেন, লোকজ সংস্কৃতি বিষয়টি বিশাল এবং স্পর্শকাতর। আমাদের শিল্পীরা মুখে মুখে যে গান বাঁধেন, তার মধ্যে সুরের জাদু, কথার বৈভব ফুটে ওঠে। এরপর একক গান পরিবেশন করেন পঞ্চগড়ের দেবীখানা অমরখানার শিল্পী সতীশ চন্দ্র পাল, সুনামগঞ্জের ছাতকের মন্ডলীভোগের শিল্পী মুকুলকান্তি দে ও কুষ্টিয়ার কুমারখালী ছেঁউড়িয়ার ফকির বলাই শাহ। পরে হালুই গান গেয়ে শোনান অরুণ কুমার দাস ও তার দল। আর নওগাঁর কিচ্ছাপালা শোনান মো. সাইদুল ইসলাম ও তার দল। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।