বর্জন অব্যাহত রাখলে মুসলিম লীগের মতো বিলীন হবে বিএনপি -----------------নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপি-ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে আসার আহ্বান জানিয়ে বলেছেন, সময় ফুরিয়ে যাচ্ছে, সংসদে আসুন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করলেন, এখন সংসদে আসেন না, চলমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। এভাবে বর্জনের ধারা অব্যাহত রাখলে এবং সন্ত্রাস আর ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ না করলে মুসলিম লীগের মতো বিলীন হয়ে যাবে বিএনপি। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিরোধী দলবিহীন বাংলাদেশ আমরা চাই না। আপনাদের গলায় শক্তি থাকলে ৮ জনের কণ্ঠস্বর ৮০ জনের মতো কাজ করবে।

বিএনপিকে বর্জনের রাজনীতি বন্ধ করে সংসদে যাওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম আরো বলেন, কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নন। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের দায়িত্ব। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, সরকার চায় বিএনপি সংসদে আসুক। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও একাত্তরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসি নেতৃত্বের কারণেই একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের বিচার হয়েছে। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ব্যাপকভাবে পালন করা হবে। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তি, সাবেক রাষ্ট্রনায়ক যারা বঙ্গবন্ধু সম্পর্কে জানেন তাদের এদেশে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে আনা হবে।

বঙ্গবন্ধু একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।