চৌকিদার রাখেন ধনীরা, গরিবের সাধ্য নেই :প্রিয়াংকা

ইত্তেফাক ডেস্ক

ভারতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী বলেছেন, বাড়িতে চৌকিদার রাখেন বিত্তশালীরা। গরিব মানুষের সেই বিলাসিতার সাধ্য নেই। তারা নিজেরাই নিজেদের পাহারা দেন। গতকাল সোমবার উত্তরপ্রদেশে নৌকায় প্রচারণা শুরুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এমন বক্তব্য দেন প্রিয়াংকা গান্ধী। এর আগের দিন প্রধানমন্ত্রী মোদি নিজেকে ‘চৌকিদার নরেন্দ্র মোদি’ হিসেবে উল্লেখ করেছিলেন। 

গতকাল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মানাইয়া ঘাট থেকে প্রচারণা শুরু করেন প্রিয়াংকা। আর শুরুতেই তোপ দাগেন স্বঘোষিত চৌকিদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। প্রিয়াংকাকে দেখতে নদীর পাড়ে ভিড় করেছিলেন অনেক মানুষ। নৌকো থেকেই তাদের উদ্দেশে হাত নাড়েন প্রিয়াংকা। নৌকা থেকে চিত্কার করে তাদের পরিস্থিতি জানতে চান। সেখানে মিডিয়ারও মুখোমুখি হন। প্রধানমন্ত্রী ও বিজেপি নেতৃত্বের টুইটারে নামের আগে চৌকিদার বসানো নিয়ে মতামত জানতে চাইলে প্রিয়াংকা গান্ধী বলেন, নামের আগে কী বসাবেন তা একান্তই তার ইচ্ছা। তবে এক কৃষক ভাইয়ের সঙ্গে কথা হল আমার। তিনি বললেন, বিত্তশালীদের বাড়িতেই চৌকিদার থাকে। আমাদের মতো গরিব মানুষের সেই সাধ্য কোথায়? আমরা নিজেরাই নিজেদের চৌকিদার। পরে দুমদুমা ঘাটে এক জনসভায় প্রিয়াংকা বলেন, গত ৫ বছরে দেশে বেকারত্ব যে হারে বেড়েছে, আগের ৪৫ বছরেও তা হয়নি। কৃষকদের সমস্যা নিয়ে মাথাব্যথা নেই কেন্দ্রীয় সরকারের। কেবল ধনী ব্যবসায়ীদের কোটি কোটি টাকা পাইয়ে দিচ্ছে। কিন্তু আমরা ভুয়া প্রতিশ্রুতি দিই না। ক্ষমতায় এলে কৃষিঋণ মওকুফ করে দেব বলেছিলাম। গত বছর রাজস্থান ও মধ্যপ্রদেশে তা করে দেখিয়েছি। ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মওকুফ করে দিয়েছি।

আসন্ন নির্বাচনে কংগ্রেস এবং রাহুল গান্ধীকে ভোট দিতে আবেদন জানান প্রিয়াংকা। তবে কারো দ্বারা প্রভাবিত না হয়ে বিচার বিবেচনা করেই ভোট দিতে বলেন তিনি। প্রিয়াংকা বলেন, কংগ্রেস এবং রাহুল গান্ধীকে ভোট দিলে ঠকবেন না। কিন্তু এই দেশ আপনাদের। তাই রক্ষা করার দায়িত্বও আপনাদের। আপনারা আছেন বলেই আজ মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করতে পারছি আমরা। তাই কাকে ক্ষমতায় আনবেন, সেই সিদ্ধান্তও আপনাদের হওয়া উচিত। আশা করি, কাউকে নিজেদের মধ্যে বিভাজন ঘটানোর সুযোগ করে দেবেন না আপনারা। কারণ এতে আপনাদের কোনো উপকার হবে না। লাভবান হবে অন্য কেউ।-আনন্দবাজার পত্রিকা