স্বাধীনতাবিরোধীরা যেন আর ক্ষমতায় আসতে না পারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অশুভ চক্রের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে আবারো সতর্ক করে বলেছেন, জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে দেশের মানুষের কাছে আমার একটাই আহ্বান, স্বাধীনতা বিরোধী, খুনী, সন্ত্রাসী, জঙ্গিবাদ, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরাকারবারী, এতিমের অর্থ আত্মসাত্কারী- এরা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। গতকাল বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এই স্বাধীনতাকে আমাদের সমুন্নত রেখে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। ইনশাল্লাহ আমরা তা করতে পারবো, সে বিশ্বাস আমাদের আছে।

তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। এই জন্মদিন থেকেই শুরু হবে জন্ম শতবার্ষিকী উদযাপন করার প্রস্তুতি। এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জনগণের অধিকার সমুন্নত হবে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে- এটাই আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সভায় বক্তৃতা করেন। এছাড়াও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুননেসা ইন্দিরা, ত্রাণ এবং কল্যাণ সম্পাদক সুজীত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তৃতা করেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।