মোবাইল ডিভাইসের বাজার প্রসারের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। একদিকে যুক্তরাষ্ট্রের অ্যাপল, অন্যদিকে হুয়াওয়ে ও জেডটিইর মতো চীনা মোবাইল ডিভাইস নির্মাতারা এ প্রতিযোগিতাকে অনেক প্রতিষ্ঠিত কোম্পানিরই ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে।
এমনকি, সেলফোন বাজারের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাংও মুনাফার ধারা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে মুনাফার ধারা অব্যাহত রাখতে হিমশিম খেতে হচ্ছে জাপানভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনিকেও।
তবে স্মার্টফোন বাজারের এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার আশা ছাড়েনি সনি কর্তৃপক্ষ। আর এরই অংশ হিসেবে 'এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা' নামের নতুন একটি ফোন আনতে যাচ্ছে সংশ্লিষ্টরা।
'এক্সপেরিয়া এক্সএ আল্ট্রা' এখনো আনুষ্ঠানিভাবে উন্মোচন করা হয়নি। কবে হবে তাও নির্দিষ্ট নয়। তবে সনি কর্তৃপক্ষের দাবি, শিগগিরই আন্তর্জাতিক বাজারের জন্য এ ডিভাইস উন্মোচন করা হবে।
জনপ্রিয় এক্সপেরিয়া এক্স সিরিজের এ ডিভাইসের মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে এটি স্থানীয় বাজারে সরবরাহ করা হবে।
নতুন ফোনটিতে অটো-ফোকাস ও ফ্রন্ট ফ্ল্যাশ সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে। এছাড়াও থাকছে ২১ দশমিক ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
ফোনটিতে ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে, যার রেজ্যুলেশন ১০৮০–১৯২০ পিক্সেল। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম ও মিডিয়াটেক হেলিও পি১০ প্রসেসর।
৩ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২০০ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে আরও আছে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।
ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। সূত্র- অ্যান্ড্রয়েড সেন্ট্রাল ও ফোন এরেনা।