নিউইয়র্কে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাংলা বইমেলা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস-৬৯ স্কুলে ২০ মে থেকে তিন দিনব্যাপী  আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা শুরু হচ্ছে। হাটি হাটি পা পা করে ২৫ বছরে পা ফেলছে এ বইমেলা। তাই এবারের রজতজয়ন্তীতে বইমেলা মানেই আরেকটু ভিন্ন স্বাদ। এ বছর মেলার উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সেলিনা হোসেন।
 
মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা ইত্তেফাককে জানান, এবারের মেলায়  ‘লেখক ও শিল্পীদের সামাজিক দায়িত’ এই বিষয়ে মূল বক্তব্য দেবেন সেলিনা হোসেন। এ ছাড়া মেলার নিয়মিত অনুষ্ঠান ‘মুখোমুখি’ এবং একাধিক সেমিনারে অংশ নেবেন তিনি।
 
তিনি জানান,  উৎসবে যোগ দিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক এবং পাক্ষিক অনন্যার সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেন। তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ব্যস্ত সময় কাটাবেন তিনি। উৎসবের মূলমঞ্চে তিনদিনে কমপক্ষে পাঁচটি সেমিনার ও অন্যান্য অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
 
বিশ্বজিৎ সাহা জানান, মেলায় অতিথি হিসাবে আসার কথা রয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, লেখক-সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, বিশিষ্ট অভিনেতা ও লেখক আফজাল হোসেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও ছড়াকার লুৎফর রহমান রিটন এবং কবি ও ছড়াকার সৈয়দ আল ফারুক। জনপ্রিয় কথাসাহিত্যক সমরেশ মজুমদার অসুস্থতার কারণে এবারের উৎসবে যোগ দিতে পারছেন না।
 
বইমেলায় চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর উপস্থিত থাকবেন। তার সাথে আরো আসছেন  লেখক ও গবেষক আহমাদ মাযহার ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক আমিরুল ইসলাম।
 
উত্তর আমেরিকার কবি ও সাহিত্যিকদের অনেকেই মেলায় আসছেন বলে মুক্তধারাকে নিশ্চিত করেছেন। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী এবারের মেলায় তার নির্বাচিত কবিতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। কানাডা থেকে আসছেন বাংলা একাডেমির ওয়ালিউল্লাহ পুরস্কার বিজয়ী কবি ও কথা সাহিত্যিক ইকবাল হাসান ও জার্মানি থেকে আসছেন কবি নাজমুন নেসা পিয়ারী।
 
শিল্পীদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কমলিনী মুখার্জী ও শিল্পী নাহিদ নাজিয়া অনুষ্ঠানে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছেন। এ ছাড়া শিল্পী সামিনা চৌধুরী এবং অণিমা রায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। ২৫ বছর উপলক্ষে বাংলাদেশ থেকে আসছে রেকর্ড সংখ্যক প্রকাশনা সংস্থা। আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারকগ্রস্থ প্রকাশিত হয়েছে। এটি সম্পাদনা করেছেন লেখক আদনান সৈয়দ। উদ্বোধনী দিনে স্মারক গ্রন্থটির মোড়ক উম্মোচন করা হবে।
 
IMG0
 
তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা জুড়েই বসবে জমজমাট গানের আসর। ২০ মে শুক্রবার মেলার উদ্বোধনী দিনে একক সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত নজরুল গীতি শিল্পী ফেরদৌস আরা।  ২১ মে শনিবার উৎসবের দ্বিতীয় দিন রবীন্দ্র সঙ্গীত নিয়ে আসবেন কমলিনী মুখোপাধ্যায়। একই দিন আরো গান শোনাবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী নাহিদ নাজিয়া এবং কানাডা থেকে আগত অতিথি শিল্পী শিখা আহমাদ ও ফারজানা শান্তা। এছাড়াও থাকবেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, সুতপা ও  দেলওয়ার। ২২ মে সমাপনী দিনের সান্ধ্য অধিবেশনে নজরুল গীতির আসরে অংশগ্রহণ করবেন বাংলাদেশের খ্যাতনামা শিল্পী সুজিত মোস্তফা। রবীন্দ্রনাথের রাগভিত্তিক গানের আসরে অংশ নেবেন নতুন প্রজন্মের দুই শিল্পী পারমিতা মুমু ও শ্রুতিকণা দাশ। তিন দিনব্যাপী এই বইমেলার শেষ শিল্পী হবেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা সামিনা চৌধুরী।
 
বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী এবারের মেলায় তার নির্বাচিত কবিতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। কানাডা থেকে আসছেন কথা সাহিত্যিক ইকবাল হাসান, লেখক মুস্তফা চৌধুরী, মাহফুজুল বারী, জসিম মল্লিক ও জার্মানি থেকে আসছেন কবি নাজমুন নেসা পিয়ারী। ২০ মে শুক্রবার উদ্বোধনী দিনে একাত্তরের সহযোদ্ধা হিসাবে ড. ডেভিড নেইলিনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। আন্তর্জাতিক খ্যাতিধন্য এই মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানী একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।
 
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় প্রথমবারের মত বাংলা ভাষা ও সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য একটি সাহিত্য পুরস্কার ঘোষিত হবে। এই পুরস্কারের নাম মুক্তধারা-চ্যানেল আই সাহিত্য পুরস্কার। বাংলা ভাষা ও সাহিত্যে সার্বিক অবদানের জন্য একজন লেখককে এই পুরস্কারের জন্য নির্বাচিত হবেন। মেলার শেষ দিন এই পুরস্কার ঘোষিত হবে। পুরস্কারের মূল্যমান দুই লাখ টাকা। এবারের মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রকাশনা সংস্থার মধ্যে সেরা বইয়ের স্টলের জন্য একটি পুরস্কার থাকছে।