বারি’তে মসলা ফসলের গবেষণা নিয়ে বিজ্ঞানীদের প্রশিক্ষণ কর্মশালা

 ‘বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় মসলা ফসলের উন্নয়নে প্রজননতত্ত্ব ও মলিকুলার বায়োটেকনোলজির ওপর মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার সকালে গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর সেমিনার কক্ষে শুরু হয়েছে। আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর এই কর্মশালার আয়োজন করেছে।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএআরআই এর মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) জেবুন নেছা। আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইকবাল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. সহিদুজ্জামান।

কর্মশালায় সরকারের গৃহীত কর্ম পরিকল্পনার অংশ হিসেবে মসলা জাতীয় ফসলের হাইব্রিড জাত উন্নয়ন, মলিকুলার বায়োটেকনোলজির প্রয়োগসহ উচ্চতর প্রযুক্তির মাধ্যমে মসলা জাতীয় ফসলের উন্নয়নে ২১টি বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। বিএআরআই এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানীগণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।