বর্তমানে ব্যাংকগুলো ঋণের সুদ চক্রবৃদ্ধি হারে গণনা করলেও তা বাতিল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমরা শিগগিরই সরল সুদে চলে যাবো। চক্রবৃদ্ধি এখন পৃথিবীর কোথাও নেই। সোমবার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ব্যাংকিং খাতের শৃঙ্খলা আনার স্বার্থে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে আর্থিক খাতকে শক্তিশালী করতে দ্রুত বন্ড মার্কেট চালু করার কথাও জানান।
বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী অসত্ ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেন, অসাধু ব্যবসায়ীদের কোন ছাড় নয়। ব্যাংকের টাকা ফেরত দিতেই হবে। সরকার ব্যবসায়ীদের জন্য যা যা করা দরকার সব করবে। তিনি বলেন, আর্থিক খাতে সামান্য ত্রুটি বিচ্যুতি আছে। এটা দীর্ঘদিনের। নতুন করে আসেনি। তবে এখন আমাদের এগুলো ঠিক করতে হবে। এখন ঠিক করার সময় এসেছে। বেসরকারি ব্যাংকগুলো শিগগির বিশেষ নিরীক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা অবশ্যই জানতে চাই আমাদের আর্থিক চিত্র। কারো জেল জরিমানা করার জন্য নয়। এর মাধ্যমে আমরা জানতে পারব কারা ভালো ব্যবসায়ী কারা খারাপ ব্যবসায়ী। ভালো ব্যবসায়ীদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা হবে।
বন্ড মার্কেটকে সচল করার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, এই বছরের মধ্যে এর দৃশ্যমান উন্নতি হবে। ব্যাংকিং খাতে বড় সমস্যা স্বল্পমেয়াদি আমানত নিয়ে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করা। বন্ড মার্কেট সচল করে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করা হবে। আগামী বছর থেকে বন্ড ছাড়া হবে। শক্তিশালী অর্থনীতি যেভাবে চলে সেই ভাবে চলবে আমাদের অর্থনীতি।