বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে জুলহাস হোসেন মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে বাড্ডার পশ্চিম মেরুল এলাকায় বাসার অদূরে ওই হত্যাকান্ড ঘটে। জুলহাস সাভার ইপিজেড এলাকায় গাড়ি চালাতেন বলে তার স্বজনরা জানিয়েছেন। তবে কারা কেনো তাকে গুলি করে হত্যা করেছে তা তারা জানাতে পারেননি।

অবশ্য পুলিশ দাবি করেছে, জুলহাস একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিল। নিজেদের অভ্যন্তরিণ কোন্দলে খুন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, সোমবার রাত ৯টার দিকে জুলহাস পশ্চিম মেরুল এলাকায় একটি ওষুধের দোকানের অদূরে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় দুই দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টার দিকে চিকিত্সকরা মৃত ঘোষনা করেন।

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মনির ওরফে টারজান মনির গ্রুপ এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে তারা সন্দেহ করছেন। জুলহাস ওই সন্ত্রাসী গ্রুপের সদস্য।  পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।

নিহত জুলহাসের বোন দাবি করেছেন, তার ভাই সাভারের ইপিজেডে প্রাইভেটকার চালাতো। তাদের বাড়ি সাভারের ভার্কুতা এলাকায় হলেও তারা সবাই পশ্চিম মেরুল এলাকায় থাকেন। রাতে জুলহাস ওষুধ কিনতে বের হলে সন্ত্রাসীরা তাকে গুলি করে। কিন্তু জুলহাসকে কারা গুলি করে হত্যা করেছে সে ব্যাপারে তিনি কিছু না জানলেও তার ভাই সন্ত্রাসী ছিল না বলে দাবি তার। জুলহাস তিন ছেলের বাবা ছিলেন। তার স্ত্রীর নাম জিমি আক্তার।