ডিএসসিসি’র টাস্কফোর্সের অভিযান

১৬২টি প্রতিষ্ঠানের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

পুরনো ঢাকার আবাসিক এলাকা হতে কেমিক্যাল কারখানা/গোডাউন অপসারণ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান টাস্কফোর্সের অভিযানের ১৪তম দিন গতকাল সোমবার পর্যন্ত মোট ১৬২টি প্রতিষ্ঠানের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সিলগালা করা হয়েছে ২৭টি প্রতিষ্ঠান, ৪টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলার জন্য রাজউককে বলা হয়েছে, সময় দেওয়া হয়েছে ৩৫টি প্রতিষ্ঠানকে, জরিমানা করা হয়েছে ৯৭ লাখ ২০ হাজার টাকা, ১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৬টি প্রতিষ্ঠানের পুনঃসংযোগ দেওয়া হয়েছে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, গতকালের অভিযানে ৪৩, ৫৪, ৭৯, খাজে দেওয়ান ১ম লেন, ১, ১৬/৭, ১৬/৬, ১৬/৭, জয়নাগ রোড ইত্যাদি এলাকায় আলতা কারখানা, প্লাস্টিক কারখানা, পলিথিনের কারখানা এসএম প্যাকেজিং, তার তৈরির কারখানা পাওয়া গেছে। অতি দাহ্য কোনো বস্তু না থাকা এবং অগ্নি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ১৯, জয়নাগ রোড-এ লামিয়া এন্টারপ্রাইজের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ৩৬/১, জুড়িয়াটুলি লেন হোল্ডিংয়ে পরিবেশের ক্ষতিকারক নিকেলের কারখানা পাওয়া গেছে। নিকেলের কেমিক্যালের দুর্গন্ধে এলাকায় প্রবেশ করা যেত না। উক্ত কেমিক্যাল কারখানার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুই দিনের মধ্যে সমস্ত কেমিক্যাল সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ৩৬/১/ক, জুড়িয়াটুলি লেন, কেমিক্যাল গুদাম তাত্ক্ষণিকভাবে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ৩২নং ওয়ার্ডের কেমিক্যাল ব্যবসায়ীদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীগণ আজ মঙ্গলবারের মধ্যে গোডাউনের তালিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন।