কৃষিক্ষেত্রে নানা সমস্যায় জর্জরিত হাজার হাজার ভারতীয় কৃষক জড়ো হয়েছেন মুম্বাইতে। মহারাষ্ট্রের আদিবাসীদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার থেকে কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন দাবিতে মুম্বাইয়ের আজাদ ময়দানে অবস্থান নিয়েছেন তারা। এনডিটিভি।
দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যের কৃষিখাতে চলছে অচলাবস্থা। এ বিক্ষোভকে এর বিস্ফোরণ বলছেন বিশ্লেষকরা। এক বছরেরও কম সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো বড় ধরনের বিক্ষোভের আয়োজন করলো কৃষকরা। আমআদমি পার্টি ও শিবসেনাসহ বিভিন্ন সংগঠন এ বিক্ষোভে সমর্থন জানিয়েছে।
দাবি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কৃষকরা। তারা বলছেন দাবি পূরণ হওয়া পর্যন্ত আজাদ ময়দান ছাড়বেন না।
কৃষকদের দাবির মধ্যে রয়েছে, কৃষিঋণ মওকুফ, খরা আক্রান্ত কৃষকদের ক্ষতিপূরণ দান, ফসলের ন্যায্যমূল্য পেতে সরকারি হস্তক্ষেপ, বনের অধিকার আদিবাসীদের হাতে ন্যাস্ত করা এবং স্বামী নাথান কমিটির সুপারিশগুলোর বাস্তবায়ন।
আরও পড়ুনঃ হাইতিতে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ১১
খরার কারণে চাষ করা যায়নি এমন প্রতি একর জমির জন্য ৫০ হাজার টাকা করে দেয়ার দাবি জানিয়েছেন তারা। বলছেন, যেসব জমির ফসল নষ্ট হয়েছে সেগুলোর জন্য প্রতি একরে দিতে হবে লাখ টাকা।
দাবির বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাবিস বলেছেন, এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
ইত্তেফাক/টিএস