নিজেদের সাইটে অতিরিক্ত মোটা এক মার্কিন মডেলের বিকিনি পরিহিত ছবি পোস্টে নিষেধাজ্ঞা আরোপ করায় শেষমেশ ক্ষমা চেয়েছে ফেসবুক। এখন ওই ছবি পোস্টের অনুমতি দিয়ে নিজেদের 'ভুল' হয়ে গেছে বলেও জানিয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট।
'হেলথ অ্যান্ড ফিটনেস' শীর্ষক বিজ্ঞাপন প্রচার নীতিমালার পরিপন্থী হওয়ায় ওই ছবি পোস্টে নিষেধাজ্ঞা আরোপ করে ফেসবুক। কিন্তু এ নিয়ে অস্ট্রেলিয়ার নারীবাদী সংগঠন 'চার্চেজ লা ফেমে' ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে ওই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্ষমা চায় মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।
'বডি পজিটিভিটি'-এর প্রচারণার স্বার্থে একটি ইভেন্ট করতে ওই ছবি বেছে নেয় 'চার্চেজ লা ফেমে'। সেজন্য ফেসবুকে একটি ইভেন্ট পেজও খুলে নারীবাদী ওই সংগঠনটি। কিন্তু ওই পেজে ছবিটি পোস্ট করলে তা মুছে দেয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। ওই ছবির পরিবর্তে অন্য কোনো ছবি পোস্টের অনুরোধ করে সংশ্লিষ্টরা। এতে ক্ষুব্ধ হয়ে উঠে 'চার্চেজ লা ফেমে'।
উল্লেখ্য, 'বডি পজিটিভিটি'-এর সারকথা হলো 'শরীর যেমনই হোক, মোটা বা চিকন, একে ইতিবাচক মন নিয়ে গ্রহণ করুন'। সূত্র- বিবিসি ও গার্ডিয়ান।