স্মার্টফোন বা অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তার কথা ভেবে পাসওয়ার্ড ব্যবহার করতে হয় স্মার্টফোন বা অনলাইন ব্যবহারকারীদের। কিন্তু পাসওয়ার্ড মনে রাখাটা অনেকের কাছেই ভয়ানক বিরক্তিকর।
অনেকে একাধিক অনলাইন অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু এ নিয়েও দুশ্চিন্তায় থাকতে হয়। প্রযুক্তি বিশ্লেষকরাও মনে করেন, প্রচলিত পাসওয়ার্ড পদ্ধতি যথেষ্ট বিরক্তিকর আর সেকেলে। এমনকি, এই পাসওয়ার্ড সহজেই হ্যাকও হয়ে যেতে পারে।
এই বাস্তবতায় পাসওয়ার্ডের ঝক্কি থেকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে গুগল। মার্কিন প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, তারা এমন এক প্রযুক্তি আনার পরিকল্পনা করছে যা অ্যান্ড্রয়েড চালিত যে কোনো স্মার্টফোন ব্যবহারকারীকে পাসওয়ার্ডের যন্ত্রণা থেকে মুক্তি দেবে।
সম্প্রতি 'গুগল আই/ও ডেভেলপার কনফারেন্স ২০১৬'তে প্রজেক্ট এরা, গুগল হোম, চ্যাটবুট এল্লো-সহ আর বেশ কিছু সেবার ব্যাপারে ঘোষণা দেয় গুগল কর্তৃপক্ষ। এর মধ্যে পাসওয়ার্ডের ঝক্কি থেকে মুক্তির ঘোষণাও ছিলো।
গুগল কনফারেন্সে জানানো হয়, 'ট্রাস্ট এপিআই' নামের নতুন ধরনের রিকগনিশন সফটওয়্যার আনার পরিকল্পনা রয়েছে। এই প্রযুক্তি অ্যাপ্লায়েড সায়েন্সের সমন্বয়ে কাজ করবে, যা ব্যবহারকারীকে তার টাইপ, কথা বলা, হাঁটাচলা ইত্যাদির মাধ্যমে চিনবে। এতে আলাদা করে আর পাসওয়ার্ড দিতে হবে না।
গুগলের দাবি, ফোনে 'ট্রাস্ট এপিআই' প্রযুক্তি জুড়ে দেয়া হবে। এতে প্রকৃত ব্যবহারকারী কে তা বুঝে নেবে ফোন।
নতুন প্রযুক্তি নিয়ে এটিএপি নামে গুগলের একটি দল কাজ করছে, যা ২০১৬ সালের শেষদিকে অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে জুড়ে দেয়া হবে বলেও দাবি সংশ্লিষ্টরা। সূত্র- ডিএনএ ইন্ডিয়া।