পেটেন্ট জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও চীনের শেনঝেন প্রদেশে দু’টি পৃথক আদালতে স্যামসাংয়ের বিরুদ্ধে আজ মামলা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
স্যামসাংয়ের বিরুদ্ধে মামলায় প্রতিষ্ঠানটি সেলুলার কমিউনিকেশন টেকনোলজি ও স্যামসাং মোবাইল ফোনে ব্যবহৃত সফটওয়্যারের পেটেন্টসহ অন্যান্য মূল্যবান পেন্টেন্ট জালিয়াতি অভিযোগ করে ক্ষতিপূরণ দাবি করে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানায় হুয়াওয়ে।
বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, যেসব প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া প্রযুক্তি ব্যবহার করে তাদের ক্ষতিপূরণের দায়ে অভিযুক্ত করা উচিৎ।
এ নিয়ে হুয়াওয়ের মেধাসত্ত্ব অধিকার বিভাগের প্রেসিডেন্ট ডিং জিয়ানশিং বলেন, ‘উদ্ভাবনের মাধ্যমে এ শিল্পখাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ শিল্পখাত সংশ্লিষ্ট প্রত্যেকের একসাথে কাজ করা উচিৎ।
এক্ষেত্রে, অন্যদের পেটেন্টকে সম্মান করার পাশাপাশি আমরা নিজেদের পেটেন্ট জালিয়াতির ব্যাপারে সচেতন। স্মার্টফোন শিল্পখাতের উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখেছি, প্রযুক্তির বৈধ ব্যবহারের জন্য পেটেন্ট ব্যবহারে ক্রস লাইসেন্সিং নিয়ে অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছে । ক্রস লাইসেন্সিং এর মনোভাব নিয়ে বিগত বছরগুলোতে আমরা সক্রিয়ভাবে আলোচনা করেছি অন্যান্য পেটেন্ট মালিকানা প্রতিষ্ঠানের সাথে চুক্তিস্বাক্ষর করেছি। এক্ষেত্রে, আমরা আমাদের প্রতিযোগীদের সাথেও ক্রস লাইসেন্সিং লিয়ে অনেকগুলো চুক্তিস্বাক্ষর করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, স্যামসাং হুয়াওয়ের গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগ এবং পেটেন্টের প্রতি সম্মান প্রদর্শন করবে। তারা আমাদের পেটেন্ট জালিয়াতি করা বন্ধ করবে ও হুয়াওয়ের থেকে প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে নিবে এবং এ শিল্পখাতকে এগিয়ে নিয়ে যেতে হুয়াওয়ের সাথে একসাথে কাজ করবে।’