৪ জিবি র‍্যামের সাশ্রয়ী গ্যালাক্সিতে ১৬ এমপি'র রিয়ার ক্যামেরা

গ্যালাক্সি সি৫ ও গ্যালাক্সি সি৭ নামে দুটি সাশ্রয়ী দামের স্মার্টফোন আনতে যাচ্ছে স্যামসাং, কিছু দিন আগে এমন গুঞ্জন উঠে প্রযুক্তিবিশ্বে। এরপর ডিভাইস দুটির স্পেশিফিকেশনের তথ্য ফাঁস করে বিভিন্ন ফোন বিষয়ক অনলাইন পোর্টাল।
 
এবার এ সকল গুঞ্জনের আগুনে জল ঢেলে দিয়ে গ্যালাক্সি সি৫ উন্মোচন করেছে স্যামসাং। আপাতত চীনের বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি। ডিভাইসটি বিশ্বের অন্যান্য দেশের বাজারে কবে আসবে, এ নিয়ে কোনো তথ্য জানায়নি দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট জায়ান্ট।
 
৪ জিবি র‍্যামের গ্যালাক্সি সি৫ স্মার্টফোন ৩২ জিবি ও ৬৪ জিবির দুটি সংস্করণে বাজারে আসবে। এর মধ্যে চীনের বাজারের জন্য ৩২ জিবি সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৯৯ ইয়ান এবং ৬৪ জিবি সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৯৯ ইয়ান।
 
ফোনটিতে ১০৮০x১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.২ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসর, ৬.০ অ্যান্ড্রয়েড মার্শম্যালো, ১৬ মেগাপিক্সেলের (এমপি) রিয়ার ক্যামেরা ও ৮ এমপি'র ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ডিভাইসটির মেমরি স্পেস মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
সোনালি, রুপালি, গোলাপি ও ধুসর রঙের ফোনটিতে ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটি ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস সমর্থন করবে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।