আরও দুই উর্ধ্বতন নির্বাহীকে হারাচ্ছে টুইটার

আরও দুই উর্ধ্বতন নির্বাহীকে ছাঁটাই করতে যাচ্ছে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটার। এর মধ্যে একজন হলেন সাইটটির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান জেনা মেসার্সমিট এবং অপরজন হলেন এর মিডিয়া ও কমার্স বিভাগের প্রধান নাথান হুববার্ট।
 
জেনা মেসার্সমিট ও নাথান হুববার্ট কবে দায়িত্বে ইস্তফা দেবেন এটা জানা যায়নি। তবে জানা গেছে, দুজনের দায়িত্ব একজনকে দিতে তাদের চাকরিচ্যুত করার পরিকল্পনা হাতে নিয়েছে জ্যাক ডরসির নেতৃত্বাধীন কোম্পানিটি।
 
সূত্র মতে, জেনা মেসার্সমিট ও নাথান হুববার্ট তাদের নিজ নিজ দায়িত্বে ইস্তফা দিলে টুইটারের ভিডিও অ্যাডভার্টাইজিং বিজনেসের বর্তমান ভিপি আলি জাফরি বিজনেস ডেভেলপমেন্ট এবং মিডিয়া ও কমার্স বিভাগের দায়িত্ব নেবেন।
 
এ নিয়ে টুইটারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও জেনা মেসার্সমিট ও নাথান হুববার্টের চাকরিচ্যুতি ও জাফরির নতুন দায়িত্বের কথা স্বীকার করেন। কিন্তু এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। সূত্র- রি/কোড।