৩ জিবি র‍্যামের প্রিমো জেডএক্স টু লাইটে শক্তিশালী প্রসেসর

দেশের বাজারে ‘প্রিমো জেডএক্স টু লাইট’ নামে নতুন এক অ্যান্ড্রয়েড স্মার্টফোন এনেছে ওয়ালটন। দেশীয় হ্যান্ডসেট নির্মাতা এ প্রতিষ্ঠানের নতুন ডিভাইসটিতে ‘এক্সপ্রেস ফাস্ট চার্জিং’ প্রযুক্তি জুড়ে দেয়া হয়েছে।
 
রোববার মতিঝিলে ওয়ালটনের মিডিয়া কনফারেন্স হলে ‘প্রিমো জেডএক্সটু লাইট’ নামের মোবাইলটির উদ্বোধন করেন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।
 
‘প্রিমো জেডএক্স টু লাইট’-এর ব্যাপারে ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন (সফটওয়্যার) বিভাগের সিনিয়র সহকারী পরিচালক প্রকৌশলী আরিফুল হক রায়হান জানান, উচ্চ প্রযুক্তির ফোরজি সাপোর্টেড অ্যান্ড্রয়েড স্মার্টফোন এটি। মাল্টি টাস্কিং বৈশিষ্ট্যের ফোনটিতে রয়েছে ৬ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন ও আল্ট্রা স্লিম ডিজাইনের মেটালিক বডি। এছাড়া ব্যাটারিটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫০২০ অ্যাম্পিয়ার লি-পলিমার হওয়ায় দীর্ঘক্ষণ চার্জ থাকবে। থাকছে চতুর্থ প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস; ২.৫ ডি কার্ভ গ্লাস। ফলে ডিসপ্লের ছবিগুলো আরো জীবন্ত হয়ে উঠবে।
 
ফোনটিতে রয়েছে ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম; উচ্চ ক্ষমতার ৬৪ বিট সম্পন্ন ১.৩ গিগাহার্জ বিশিষ্ট শক্তিশালী অক্টাকোর প্রসেসর ও দ্রুতগতির ৩ জিবি র‍্যাম।
 
ওয়ালটনের আউটলেট, প্লাজা ও ডিস্ট্রিবিউটর শোরুমে পাওয়া যাচ্ছে এ ফোন। এ জন্য খরচ পড়বে ২৭ হাজার ৯৯০ টাকা।