সেপ্টেম্বর মাস যত কাছে আসছে ততই মাতামাতি বাড়ছে নতুন আইফোন নিয়ে। কারণ প্রতি বছর সেপ্টেম্বর মাসেই তো উন্মোচন করা হয় আইফোনের নতুন সংস্করণ।
এক ফরাসি ওয়েবসাইটের দাবি, আইফোন ৭ ও আইফোন ৭ প্লাসে যথাক্রমে থাকবে ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি স্ত্রিন।
ওয়েবসাইটটি একটি ছবি প্রকাশ করে আরও দাবি করছে, নতুন আইফোনে থাকবে চারটি স্পিকার। দু’টি স্পিকার থাকবে ফোনের নীচের দিকে, বাকি দু’টি থাকবে ওপরে।
এছাড়া যে গুঞ্জন সবার মুখে মুখে ফিরছে তা হলো আইফোনের নতুন সংস্করণে থাকতে পারে দু’টি রিয়ার ক্যামেরা। ওয়ানলিক নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে ক্যামেরা ফ্ল্যাশেও পরিবর্তন ধরা পড়েছে। নতুন আইফোনে ক্যামেরার পাশে থাকবে না ফ্ল্যাশ। এবার ফ্ল্যাশ থাকবে ক্যামেরা নীচে।
এছাড়া এবার ২৫৬ জিবি স্টোরেজ সমৃদ্ধ আইফোন উন্মোচন করতে পারে অ্যাপেল। থাকবে ১৬ ও ৬৪ জিবির অপশনও। তবে থাকছে না ১২৪ জিবি ভেরিয়্যান্ট।
তবে যে গুজব নিয়ে রীতিমতো বিতর্ক মাথাচাড়া দিয়েছে তা হলো নতুন আইফোনে থাকবে না হেডফোন জ্যাক।
সূত্রের খবর, অ্যাপেল আইফোনকে আরও পাতলা করতে চাইছে। তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে ওই হেডফোন জ্যাক। আর তাই হেডফোন জ্যাকের পরিবর্তে অত্যাধুনিক লাইটনিং পোর্ট ব্যবহার করতে চলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট।
এছাড়া শোনা যাচ্ছে, রেটিনার পরিবর্তে এবার ডিসপ্লেতে অ্যামোলেড প্রযুক্তি ব্যবহার করতে চাইছে অ্যাপেল। সেজন্য সম্ভবত এলজি'র কাছ থেকে ডিসপ্লে কিনবে সংশ্লিষ্টরা।
এবার অল-গ্লাস-আইফোনের গুজবেও বাজার বেশ গরম। ব্রিটিশ সংবাদপত্র দ্যা টেলিগ্রাফ অ্যাপেলের এক শীর্ষকর্তাকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে।
তবে এইসব গুজবের কোনোটাকেই স্বীকৃতি দেয়নি অ্যাপেল। ফলে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত। সূত্র- ৯ টু ৫ ম্যাক, টেলিগ্রাফ ও ফোর্বস।
IMG0