২০ বিলিয়ন ডলার বাজারমূল্যের সামনে স্ন্যাপচ্যাট!

জনপ্রিয় ফটো মেসেজিং অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার। শিগগিরই ২ হাজার কোটি ডলার বাজারমূল্য অর্জনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এ প্রতিষ্ঠান, ধারণা বিশ্লেষকদের।
 
দিন দিন গ্রাহক সংখ্যা বাড়ছে স্ন্যাপচ্যাটের। এতে অ্যাপটির পেছনে অর্থ ঢালতে কসুর করছেন না বিনিয়োগকারীরা। আর এ কারণে গত এক বছরে ১৮০ কোটি ডলার নতুন তহবিল সংগ্রহে সমর্থ হয়েছেন স্ন্যাপচ্যাটের প্রতিষ্ঠাতা ইভান স্পিগেল।
 
২০১১ সালে স্ন্যাপচ্যাট প্রতিষ্ঠা করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র। স্ন্যাপচ্যাটের মাধ্যমে ফটো মেসেজ পাঠানো হলে প্রাপক মেসেজটি দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এই বৈশিষ্ট্যের কারণে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় এই অ্যাপটি।
 
২০১৫ সালের মার্চে স্ন্যাপচ্যাটের বাজারমূল্য দাঁড়িয়েছিল ১ হাজার ৬০০ কোটি ডলার। এখন লক্ষ্যমাত্রা অনুযায়ী তহবিল সংগ্রহে সমর্থ হলে, বাজারমূল্যে এগিয়ে থাকা ব্যক্তিমালিকানাধীন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি হবে অন্যতম। সূত্র- দ্য টেক নিউজ ও টাইম ডটকম।