চীনে সেবা বাণিজ্যের আন্তর্জাতিক মেলায় বেসিসের ৬ কোম্পানি

বেইজিংয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সেবা বাণিজ্যের মেলা ‘চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেস’ এ বেসিসের সদস্যভুক্ত ৬টি কোম্পানি অংশ নিয়েছে। ২৯ মে থেকে শুরু হওয়া এই মেলা মঙ্গলবার শেষ হচ্ছে। 
 
ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের প্যাভিলিয়নে অংশ নেওয়া বেসিস সদস্য কোম্পানিগুলো হলো- বিভিক্রিয়েটিভস, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, ফিল্ড ইনফরমেশন সল্যুশন লিমিটেড, আইস৯ ইন্টার‌্যাক্টিভ লিমিটেড, কাজ সফটওয়্যার লিমিটেড এবং সিনেসিস আইটি লিমিটেড।
 
নেদারল্যান্ড ট্রাস্ট ফান্ড ৩ প্রকল্পের অংশ হিসেবে এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের সহযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিনিধিদলে রয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হোসেইন খালেদ, বেসিসের সচিব হাশিম আহম্মাদ, নেদারল্যান্ড ট্রাস্ট ফান্ড ৩ বাংলাদেশ প্রকল্পের সমন্বয়ক মাহফুজুল কাদের প্রমুখ।
 
একই প্যাভিলিয়নে ইকুয়েডর, কেনিয়া, মেক্সিকো, রুয়ান্ডা, তুর্কি, উগান্ডার প্রায় ২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পাশাপাশি বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মায়ানমার এবং নেপারের পর্যটন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দেশের পর্যটন খাতের সফলতা ও সম্ভাবনা তুলে ধরছে। এক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে অতর্কি ট্যুরস।
 
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এই মেলা বিশ্বব্যাপী সেবা বাণিজ্যের প্রথম বিশেষায়িত প্লাটফর্ম। যেখানে ব্যবসায়, যোগাযোগ, শিক্ষা, আর্থিকসহ ১২টি সেবা বাণিজ্যের প্রদর্শনীসহ এসব খাতের বিভিন্ন দিক নিয়ে নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এখানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি নির্ভর বিভিন্ন সেবা তুলে ধরা ও এসব খাতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিশ্বব্যাপী ব্যবসায় সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। 
 
উল্লেখ্য, এবারের মেলায় বিশ্বের ৫১৮টি কোম্পানি অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ৮ টা থেকে ৫ টা পর্যন্ত চলছে।