স্পোর্টস ডেস্ক
ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে তার বয়স এবং ‘অবিশ্বাস্য’ ক্ষমতার কারণে মূল্যমানের দিক থেকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকেও পেছনে ফেলে দিয়েছেন, বিশ্বাস সাবেক ম্যানইউ কোচ হোসে মরিনহোর।
পিএসজি তারকা এমবাপে শেষ দুই বছরে বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুটি ফরাসি লিগ জিতেছেন। পিএসজি ও মোনাকোর হয়ে ৫৫ গোল করা এই তরুণ ব্যালন ডি’অর তালিকার চতুর্থ স্থান দখল করেছেন। আর এ সব অর্জন ২১তম জন্মদিনের আগেই তার পায়ে এসে লুটিয়ে পড়েছে।
মরিনহোর বিশ্বাস অতি অল্প সময়ে এমন সব অর্জনের কারণেই দলবদলের বাজারে ৩১ বছর বয়সী মেসি কিংবা ৩৪ বছর বয়সী রোনালদোর চেয়ে বেশি দামী হবেন এমবাপে। তিনি এটাও মনে করেন যে ফরাসি স্ট্রাইকারের বাজারমূল্য তার পিএসজি সতীর্থ নেইমারের চেয়েও বেশি হয়ে দাঁড়াতে পারে।
সমপ্রতি বেইন স্পোর্টসকে মরিনহো বলেন, ‘এমবাপের মতো খেলোয়াড়ের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করার ব্যাপারে বেশি দূর যাওয়ার প্রয়োজন পড়েনা আপনার। শুধু বর্তমানের কথা ভাবুন, সে অবিশ্বাস্য!’
সাবেক ম্যানইউ কোচ আরও বলেন, ‘তার বয়স এবং ক্রিশ্চিয়ানো, মেসি, নেইমারদের বয়স বিবেচনায় রেখে যখন বাজারে তাকাবেন যেখানে বয়স অনেক বড় একটা প্রভাবক, আমার মনে হয় এমবাপেই সবচেয়ে মূল্যবান ফুটবলার। কাল্পনিক কোনো দলবদলে সে এখনই বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।’
মরিনহোর মতে বয়সের সঙ্গে সঙ্গে এমবাপের সামর্থ্যও তাকে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় বানাতে সহায়তা করেছে। পর্তুগীজ কোচের ভাষায়, ‘যদি সামর্থ্যের কথা ধরা হয় তবে সে অবিশ্বাস্য। একটা শব্দই যথেষ্ট। এটাই সবকিছু বুঝিয়ে দেয়।’