প্রতিশ্রুত অর্থ না পেলে লিগ খেলবে না একাধিক ক্লাব

  স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। গতকাল  রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন ৮২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এ সভায় সাধারণ সম্পাদক  আরামবাগের সভাপতি মমিনুল হক সাইদ জানান প্রতিশ্রুত অর্থ না পেলে ফিরতি লিগ খেলবে না তাদের সঙ্গে থাকা ক্লাবগুলো।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে শেখ রাসেল, সাইফ স্পোর্টিং, চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, নোফেল স্পোর্টিং ক্লাব, আরামবাগ তাদের প্রতিনিধি দিয়েছে এই অ্যাসোসিয়েশনে। নেই আবাহনী ও শেখ জামাল।

এ কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু, মনজুর হোসেন মালু ও সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, আবদুল গাফফার ও শাহজাহান কবির।

এসোসিয়েশনের সভায় আগামী ১৫ দিনের মধ্যে বাফুফের এজিএম দাবি করা হয়। ক্লাব এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ বলেন,‘ আমরা প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে অংশগ্রহণ করব কিনা ভাবছি। দ্বিতীয় লেগের আগে অংশগ্রহণ ফির টাকা দিতে হবে। না হলে আমরা ৮টি ক্লাব অঙ্গীকার বদ্ধ লিগ খেলব না।’

ক্লাবগুলোর  অংশগ্রহণ ফি’র পরিমাণ প্রিমিয়ার লিগের ক্ষেত্রে ক্লাবপ্রতি ৪০ লাখ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের জন্য ২০ লাখ। 

সভায় ঢাকার ৫৩টি ক্লাবের মোট ৯৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়।