'ইউরোপের দেশগুলো মহাদেশটিতে উত্থিত নানা সমস্যা সমাধানে একত্র হয়ে কাজ করবে'- ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) এমন দিবা স্বপ্ন না দেখার পরামর্শ দিয়েছেন ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উচিত সীমান্ত সুরক্ষা ও ব্যাংকিং ঐক্যের মতো ব্যবহারিক দিকগুলোর প্রতি মনোযোগী হওয়া।
এ সময় তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ব্রিটেন ইইউ থেকে বের হয়ে গেলে 'নাটকীয় ফলাফল' আসতে পারে। এ বিষয়ে সবাইকে অগ্রীম সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। যারা ইইউ থেকে বের হয়ে যেতে চায় তাদের শক্তি ও প্রচেষ্টার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান টাস্ক।
এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী মাসে ইইউ থেকে বের হয়ে যাওয়ার ওপর যুক্তরাজ্যে গণভোটে যদি দেশটির জনগণ 'হ্যাঁ'-সূচক সিদ্ধান্ত দেয়, তবে সেটি তাদের জন্য খুবই নেতিবাচক হবে। মাদ্রিদে এক ভাষণে তিনি বলেন, গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হলে যুক্তরাজ্যের জনগণ বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলে মুক্তভাবে চলাফেরা, কাজ কিংবা ব্যবসা করার অধিকার হারাবে। বিবিসি।