গান এখন আপনার মনের অবস্থা বুঝবে। সেই সঙ্গে গান শুনতে পারবেন আপনার মনের মতো করে, ঠিক যেমনটি আপনি চান। আর গানের এই দুনিয়া হবে হাজার লাখে, আপনার পছন্দ আর কল্পনার সব কালেকশন নিয়ে।
গান শোনার এমন নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে অতি সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে অনলাইন মিউজিক স্ট্রিমিং অ্যাপ্লিকেশন এমজ্যামস্। এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল এই অ্যাপকে বাংলাদেশে নিয়ে এসেছে কনটেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান মোবিমিডিয়া।
ইউনিভার্স্যাল মিউজিক, সনি ও ওয়ার্নার মিউজিকের সব গান নিয়ে এমজ্যামসে আছে আন্তর্জাতিক সংগীতের সবচেয়ে বড় সংগ্রহ। আক্ষরিক অর্থেই দুনিয়ার প্রায় সব গান বৈধভাবে শোনার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ থেকে।
শুধু হলিউড কিংবা বলিউড নয়, পৃথিবীর জনপ্রিয় সব মিউজিক রিলিজ হওয়ার পরই চলে আসবে আপনার কাছে, এমজ্যামসের মাধ্যমে। এর সঙ্গে অবশ্যই আছে বাংলাদেশের গান৷ একই প্ল্যাটফরমে আন্তর্জাতিক শিল্পীদের পাশাপশি বাংলাদেশি শিল্পীরা তাদের নিজেদের গান তুলে ধরতে পারবেন বিশ্ববাজারে৷
এছাড়া এমজ্যামসে গানের বিরাট কালেকশন সাজানো আছে খুব সহজ বিন্যাসে। আপনি গানের খুব খোঁজ খবর রাখেন বা না রাখেন তাতে কোন সমস্যা নেই। আজকের হাইলাইটস, নিউ রিলিজ, পপুলার প্লেলিস্ট, পপুলার আর্টিস্ট, পপুলার ট্র্যাকস ও পপুলার অ্যালবাম ইত্যাদি নানা ক্যাটাগরিতে সাজানো ট্যাব এখানে প্রিয় গানটি খুঁজতে সাহায্য করবে, সহজে।
গত ১৯ মে বাংলাদেশে চালু হয়েই সংগীতপ্রেমীদের মনে সাড়া জাগিয়েছে এমজ্যামস। প্রথম ৬ দিনে এর সঙ্গে যুক্ত হয়েছেন ৩২ হাজার মানুষ।
এ প্রসঙ্গে অ্যামজ্যামসের গ্রুপ মার্কেটিং ম্যানেজার অ্যাড্রিয়ান বার্টন বলেন, বাংলাদেশে সাড়া দেখে আমরা অভিভূত। এখানকার জন্য খুব শিগগিরই আরও নতুন নতুন ফিচার নিয়ে আসছি আমরা। সেই সঙ্গে আপনাদের প্রিয় বাংলা গানের কালেকশন দ্রুতই বড় হচ্ছে।