যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি ফাইটার জেট পৃথক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে । বৃহস্পতিবার এই দুটি দুর্ঘটনা ঘটে। কলরাডোয় এয়ারফোর্স একাডেমির গ্রাজুয়েশন অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভাষণ দেয়ার পরপরই আকাশে কসরৎ দেখিয়ে প্রথম বিমানটি বিধ্বস্ত হয়।
আর দ্বিতীয় বিমানটি টেনেসির সিরনায় বিধ্বস্ত হয়। নেভির ব্লু অ্যাঞ্জেলস স্কোয়াড্রনের পাইলট এফ/এ-১৮ বিমানটি চালাচ্ছিলেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ন্যাসভিলের থেকে ২৪ মাইল দূরে বিধ্বস্ত বিমানটির পাইলটও মারা গেছেন।
ব্লু অ্যাঞ্জেলস সদস্যরা আকাশে সাপ্তাহিক বিমান কসরতের চর্চা করছিলেন। যে বিমানবন্দর থেকে বিমানগুলো উড়াল দিয়ে থাকে সেই বিমানবন্দরের ২ মাইল দূরে দ্বিতীয় বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন নেভির পক্ষ থেকে এসব জানানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানা গেছে। মৃত্যুবরণকারী পাইলটের নাম প্রকাশ করা হয়নি।
কলরাডোয় বিমান বাহিনীর থান্ডারবার্ডস স্কোয়াড্রন যখন আকাশে কসরৎ দেখাচ্ছে তখন এয়ারফোর্স একাডেমি থেকে গ্রাজুয়েশন সম্পন্নকারীরা তাদের টুপিগুলো শূন্যে ছুঁড়ে দেয়। IMG0
বিমান বাহিনীর থান্ডারবার্ডস স্কোয়াড্রনের পাইলট এফ-১৬ জেট বিমানটি চালাচ্ছিলেন। পিটারসন বিমানঘাঁটির ৫ মাইল দক্ষিণে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।
এই পাইলটের নামও প্রকাশ করা হয়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে তিনি নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। জরুরি বিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে।
হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার গাড়িবহরকে সহায়তাদানকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলটির সন্ধানে সহায়তা দিতে পিটারসন বিমানঘাঁটিতে ফিরে যায়।
বিমান বাহিনী জানিয়েছে, এ ব্যাপারে তদন্ত হবে।