বেড়ে গেছে মোবাইলের কলরেট

বাজেটে মোবাইল ফোনের সেবায় সম্পূরক শুল্ক তিন শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাবের পর গ্রাহকদের কাছ থেকে সেই হারে টাকা আদায় শুরু করে দিয়েছে অপারেটররা। টেলিকম অপারেটরদের পক্ষ থেকে গ্রাহককে কোনো নোটিশ দেয়া না হলেও মোবাইল ফোনে কথা বলা, ডেটা এসএমএস, এমএমএস এবং সব ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিসের জন্য বাড়তি খরচ দিতে হচ্ছে বলে জানা গেছে।
 
গ্রাহক আগে যেখানে ১০০ টাকা খরচের পর ১৫ টাকা ভ্যাট দিতেন এখন এ ১১৫ টাকার ওপর গ্রাহককে আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। ফলে আরও ৫ দশমিক ৭৫ টাকা বেশি খরচ করতে হবে। সঙ্গে ১ শতাংশ সারচার্জ যুক্ত হয়ে ১০০ টাকার সেবায় গ্রাহককে গুনতে হবে ১২১ দশমিক ৭৫ টাকা।
 
জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও হাতে পাওয়ার পরপরই নতুন ট্যারিফ প্ল্যানের সিস্টেম আপগ্রেড শুরু করা হয়েছে বলে জানিয়েছে অপারেটররা। তারা জানান, বৃহস্পতিবার বাজেটে সম্পূরক শুল্কের ঘোষণার পরপরই এনবিআর এ বিষয়ে এসআরও জারি করেছে।
 
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, বাজেটে ঘোষণা আসার পর তারাও গ্রাহকদের নতুন ট্যারিফ প্ল্যানে অন্তর্ভুক্ত করা শুরু করেছেন। অন্যান্য অপারেটররাও এই কাজ শুরু করেছেন বৃহস্পতিবার মধ্যরাত থেকেই।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে শুল্কহার পুনর্বিন্যাসের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।