অতিবৃষ্টিতে ফ্রান্সে ৩০ বছরের সর্বোচ্চ উচ্চতায় নদীর পানি

 
অতিবৃষ্টিতে ফ্রান্সের প্যারিসের পাশ দিয়ে বয়ে যাওয়া 'সেনা' নদীর পানির উচ্চতা ছাড়িয়েছে বিগত ৩০ বছরের রেকর্ড। ১৯৮২ সালে সেখানে বিপদসীমার ৬.১৮ মিটার উপর দিয়ে পানি বয়ে গিয়েছিল, বর্তমানে সেখানে ৬.৩০ মিটার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। পানির উচ্চতা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
 
এদিকে অতি বৃষ্টির কারণে ইউক্রেন থেকে শুরু করে ফ্রান্স পর্যন্ত দেখা দিয়েছে তীব্র বন্যায়। বন্যায় মধ্য ইউরোপে এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। সর্বোচ্চ মৃত্যু ঘটেছে জার্মানে। বিবিসি জানায়, জার্মানের সীমান্তাঞ্চলে জরুরি অবস্থা মোকাবেলায় নিয়োজিত কর্মীদের কাজ চলাকালে বন্যায় মারা গেছেন ১০ জন। এ ছাড়াও ফ্রান্সে ২ জন, রোমানিয়ায় ২ জন এবং বেলজিয়ামে ১ জন মারা গেছেন। বন্যায় আক্রান্ত হয়েছে অস্ট্রিয়া, নেদারল্যান্ড ও পোল্যান্ড।
এদিকে ফ্রান্সে বন্যায় জাদুঘরের নীচতলা থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় এক লাখ ২৫ হাজারের বেশি শিল্পকর্ম। এ ছাড়াও সেখানে বন্ধ রয়েছে শিল্প প্রতিষ্ঠান। সব মিলিয়ে বন্যায় আক্রান্ত হয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানর যে পরিমাণে ক্ষতি হয়েছে তা পূরণে দেশটির বিমা কোম্পানিগুলোকে পরিশোধ করতে হবে ৬০ কোটি ইউরো। বিবিসি।