আসন্ন রমজানে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘প্রাণ গুড়া মসলা মনোহর ইফতার’ প্রচারিত হবে চ্যানেল আইতে। রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় প্রতিদিন সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে। ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসরত মুসলমানদের বিভিন্ন পদের ইফতার রেসিপি নিয়ে এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
শনিবার রাজধানীর চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ বছর ১৮-তে পা রাখতে যাচ্ছে জনপ্রিয় এ অনুষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এ অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।
সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, পবিত্র রমজান মাসে প্রাণ গুড়া মসলা মনোহর ইফতার অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা ভারতের বৈচিত্র্যময় ইফতার আইটেম এর পাশাপাশি বিভিন্ন দর্শণীয় ও ঐতিহাসিক স্থান উপভোগ করতে পারবেন। তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবছর দর্শকরা এ অনুষ্ঠানে ভিন্নতা খুঁজে পাবেন।