অস্ট্রেলিয়ায় হাঙ্গরের কামড়ে পা হারানো এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, তার জখমটি এতোই মারাত্মক ছিল যে তিনি বাঁচতে পারেননি।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে একদল সার্ফারের সঙ্গে ফ্যালকন বিচে বেন গেরিং (২৯) নামের ওই ব্যক্তিকে হাঙ্গর আক্রমণ করে। হাঙ্গরটি গ্রেট হোয়াইট প্রজাতির ছিল বলে মনে করা হচ্ছে। এই জাতের হাঙ্গর মানুষকে আক্রমণ করার জন্য কুখ্যাত।
হাঙ্গরের কামড়ে হাঁটুর ওপর থেকে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার সঙ্গীরা দ্রুত ঘটনাস্থলে এসে পানি থেকে তুলে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর রয়েল পার্থ হাসপাতালে পাঠানো হয় তাকে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘দুঃখজনকভাবে লোকটির আঘাত সেরে উঠছিল না এবং শুক্রবার রাতে তিনি মারা যান।’
কর্তৃপক্ষ জানায়, ৪.২ মিটার (প্রায় ১৪ ফুট) দীর্ঘ একটি হাঙ্গরকে বুধবার ঘটনাস্থলের কাছ থেকে ধরা হয়। তবে এটি ওই লোকটিকে আক্রমণ করেছিল কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি। হাঙ্গরটিকে মেরে সাগরে ফেলে দেয়া হয়েছে। সূত্র: বিবিসি