আপনার স্মার্টফোনে কি 'ফেসবুক মেসেঞ্জার' অ্যাপ ডাউনলোড করেছেন? না করে থাকলে এবার তা করতে বাধ্য হবেন! কিভাবে? ফেসবুকের মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন থেকে মেসেজিং অপশন তুলে দিচ্ছে সংশ্লিষ্টরা। আর এতেই স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করতে বাধ্য হবেন আপনি।
ফেসবুকের মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক মেসেঞ্জার বাদ দেয়া হলে স্মার্টফোন থেকে ফেসবুক ওয়েব পেজে আপনি আর কোনো মেসেজ দেখতে পাবেন না, বা মেসেজ করতেও পারবেন না। চ্যাট বা মেসেজিং করতে হলে আপনাকে ডাউনলোড করতেই হবে ফেসবুক মেসেঞ্জার।
ফেসবুক কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। গ্রাহকদের ফেসবুক নোটিশে জানাচ্ছে, 'আপনার কনভারসেশন মেসেঞ্জারে মুভ করা হয়েছে।'
যখনই আপনি ফেসবুকের মোবাইল ব্রাউজার সাইটে মেসেজ পড়তে যাবেন, আপনাকে সোজা নিয়ে যাওয়া হবে প্লে স্টোরে। সেখানে মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করে তবেই আপনি মেসেজটি পড়তে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের জোর করে মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করিয়ে নিজেদের মুনাফা বাড়াচ্ছে ফেসবুক। যদিও ফেসবুক কর্তৃপক্ষের দাবি, মোবাইল মেসেজিংকে আরও উন্নত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।